আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে নাদিরা আক্তারকে। তিনি জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে এই আসনে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হলেও অনিবার্য কারণে কেন্দ্রীয় বিএনপি তা প্রত্যাহার করে নাদিরা আক্তারকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপি থেকে তাঁর নাম ঘোষণার পর তিনি প্রয়াত স্বামী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাদিরা আক্তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। যোগ্যতার বিচারে দল আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছে।” তিনি আরও জানান, আজ আনন্দের দিন হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁরা কোনো আনন্দ-উল্লাস করছেন না। নেত্রীর জন্য সবার কাছে দোয়াও চান তিনি।

দলের ভেতরের বিভেদ ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এ আসনে আমরা যারা মনোনয়নপ্রত্যাশী ছিলাম, সবার কথাই ছিল—দল যাকে দেবে, সবাই তার পক্ষে কাজ করবে। তাই আমি সকল নেতাকর্মীকে আহ্বান করব, বিভেদ ভুলে আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করি।” একই সঙ্গে তিনি শিবচরবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।

উল্লেখ্য, নাদিরা আক্তার একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর শ্বশুর মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া স্বাধীনতা পরবর্তী সময়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর শ্বশুরবাড়ির ছোট ভাই মরহুম আলতাফ হোসেন চৌধুরীও এ আসনের সংসদ সদস্য হন। পরবর্তীতে নাদিরা আক্তারের স্বামী মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরী এ আসনে নির্বাচন করেন এবং তিনবার উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। স্বামীর মৃত্যুর পর নাদিরা আক্তার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।