মাদারীপুরের শিবচরে ৬ বছর বয়সী এক শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আসামির সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকার রাজপথ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।

সকালবেলা সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতনের জন্য দায়ী ব্যক্তির দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

জানা যায়, গত সোমবার (৮ ডিসেম্বর) বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটিকে দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার মিঠুন মজুমদার কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বাড়ি পাঠানোর পর বিষয়টি জানাজানি হয়।

পরিবার তাৎক্ষণিকভাবে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। এই পাশবিকতার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মিঠুনকে আটক করে গণপিটুনি দেয় এবং তাকে পুলিশে সোপর্দ করে।

আইনগত প্রক্রিয়ার বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে এবং দ্রুতই অভিযোগপত্র জমা দেওয়া হবে। তিনি বলেন, “প্রয়োজনীয় সব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদসহ স্থানীয় কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।