মাদারীপুর জেলা পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ (সিজন- ২০২৫-২০২৬) ফাইনাল খেলার মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) মাদারীপুর জেলা স্টেডিয়ামে উক্ত আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খান জাহিদুর রহমান, আতিকুর রহমান লাবলু ও জুবায়ের আহমেদ নাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এসময় উপস্থিত ছিলেন, অংশগ্রহণকারী কলেজের ক্রীড়া শিক্ষকবৃন্দ, জেলা ফুটবল কোচসহ জেলা প্রাক্তন খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী সকল দলের কোচ ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় ১২ টি কলেজ অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্টে মাদারীপুর সরকারি কলেজ ১-০ গোলে ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. বিভাগীয় টুর্নামেন্ট শুরু হবে। সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুটি দল অংশগ্রহণ করার সুযোগ পাবে।