শরীয়তপুর জেলা শহরের বন বিভাগ এলাকায় সংঘটিত আলোচিত গণধর্ষণ ও ভিডিও ধারণ মামলার প্রধান আসামি মারুফ খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নরসিংহপুর এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকার রাজ্জাক খানের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভুক্তভোগী এক নারী মাদারীপুর ভ্রমণ শেষে ফেরার পথে শরীয়তপুরের বন বিভাগ এলাকায় একদল সন্ত্রাসীর কবলে পড়েন। অভিযুক্তরা ওই নারী ও তার সঙ্গীকে মারধর করে বন বিভাগের গহিন এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং মারুফসহ অন্যরা তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ধারণকৃত ভিডিও মুছে ফেলার বিনিময়ে ভুক্তভোগীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে অভিযুক্তরা।

ঘটনাটি জানাজানি হলে এবং ভুক্তভোগী নারী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে পালং মডেল থানায় মামলা দায়ের করা হলে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ যৌথভাবে ছায়াতদন্ত ও অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।