মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দীর্ঘ ৪ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ৫ জন আহত হওয়ার পাশাপাশি দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একের পর এক ককটেল বিস্ফোরণে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পক্ষের লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও চড়াও হওয়ার চেষ্টা করে। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন