মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১৩টি বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আব্বাস চৌধুরী (৪৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাতিয়াল এলাকায় দীর্ঘ দিন ধরে আবুল জমাদ্দারের সঙ্গে আব্বাস চৌধুরীর বিরোধ চলছিল। মঙ্গলবার এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনার পর বুধবার সকালে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এই খবর ছড়িয়ে পড়লে বিকেলে আব্বাসের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে জমাদ্দার বংশের ১৩টি বসতঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী সিরাজ জমাদ্দার অভিযোগ করেন, কোনো কিছু বোঝার আগেই অতর্কিত হামলায় তাদের সব বসতঘর ভস্মীভূত হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য ও জমি নিয়ে বিরোধের জেরে এই সহিংসতা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন