মাদারীপুরের শিবচরে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় রোকেয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম ওই এলাকার জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহতের স্বামী আবুল মৃধা এবং তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ঘুমিয়ে ছিলেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

খবর পেয়ে সকালে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে পারিবারিক কোনো বিরোধ বা অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।