মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল ও বোমার বিস্ফোরণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল মুন্সি হত্যা মামলার আসামি আক্তার হাওলাদার ও মামলার বাদী হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে শনিবার ভোররাতে আক্তার হাওলাদারের অনুসারীরা শ্রমিক দল নেতা হান্নান ঢালীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এই খবর ছড়িয়ে পড়লে সকাল ১০টার দিকে নতুন মাদারীপুর এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযান চলাকালীন এলাকা থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, বাদী ও আসামিপক্ষের বিরোধের জেরেই এই সংঘাত। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।



মন্তব্য করুন