বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় শরীয়তপুরেও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদ আহাম্মেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
একই সঙ্গে জেলার সকল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারেও রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন