কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে খালি কার্তুজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযান শেষে পাচারকারীদের ব্যবহৃত ওই আস্তানাটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়। সদস্যরা প্রথমে চারদিক থেকে চক্রটির গোপন আস্তানাটি ঘিরে ফেলেন এবং তল্লাশি চালিয়ে খালি কার্তুজগুলো জব্দ করেন।

গত ৫ নভেম্বর ওই পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার আবারও এই তল্লাশি চালানো হয়। তল্লাশি কার্যক্রম শেষে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।