ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত বরিশল ইউনিয়ন বাতিল এবং প্রস্তাবিত উপজেলা গঠনের প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে আখাউড়া হয়ে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে আখাউড়া বাইপাস রেলওয়ে কেবিন এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা। অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে।
আন্দোলনকারীরা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। গত ৪ জুন এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন।
সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নকে একীভূত করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফুঁসে ওঠেন এবং এ অবরোধ কর্মসূচি শুরু করেন।



মন্তব্য করুন