জাতীয় সংগীত অবমাননা ও গণমাধ্যমকর্মী হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশটি শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় দেওয়া হয়।
নোটিশে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এতে অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কর্মকাণ্ড করা যাবে না, যেগুলোর কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।
আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এসব বিষয়ে পরীমনিকে সতর্ক করে নোটিশটি পাঠিয়েছেন বলে জানা গেছে।



মন্তব্য করুন