দেশের প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরন। রোববার শরীয়তপুরের নড়িয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর জেলা বিএনপির এই সভাপতি বলেন, মানুষের হাত বেকার না থাকলেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। দেশের মানুষের শ্রম ও কর্মক্ষমতাকে সমবায় সমিতিগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র সমবায়ের মাধ্যমে নিজেদের আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন করা সম্ভব বলে জানান তিনি।

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়িয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে দিবসটি উদযাপন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়িয়ার ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান। সভায় অন্যদের মধ্যে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মুন্সী সামছুল আলম দাদন এবং বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।