হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাত্র এক ঘণ্টার মধ্যে এক যাত্রীর হারানো ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই দিনে স্বর্ণ চোর শনাক্ত এবং ফ্লাইট মিসের শঙ্কায় থাকা প্রবাসী যাত্রীকে বিমানে তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধে ১৮ জনকে সাজা দেওয়া হয়েছে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিমানবন্দর এলাকায় পরিচালিত এসব তাৎক্ষণিক পদক্ষেপের তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।
ফেসবুক পোস্টে তিনি জানান, এক প্রবাসী যাত্রী অনলাইনে চেক-ইন সম্পন্ন করেও প্রায় ফ্লাইট মিস করতে বসেছিলেন। পরে বিমানবন্দর টিম, সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও ইমিগ্রেশনের তৎপরতায় শেষ মুহূর্তে তাকে ওই ফ্লাইটে তুলে দেওয়া সম্ভব হয়।
টার্মিনালে অন্য এক প্রবাসীর পকেট থেকে পড়ে যাওয়া স্বর্ণ হাতিয়ে নেওয়া চোরকেও সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি বিমানবন্দরে হয়রানির শিকার হওয়া আরেক প্রবাসীকে দেওয়া হয়েছে যথাযথ ক্ষতিপূরণ।
যাত্রীদের নিরাপত্তায় শৃঙ্খলাবিরোধী তৎপরতার বিরুদ্ধেও ছিল কঠোর অবস্থান। বিমানবন্দরে গণউপদ্রব সৃষ্টিকারী এক নেশাগ্রস্ত ব্যক্তিকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৮ জনকে বিধিমোতাবেক সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অল্প কিছু নেতিবাচক ঘটনার ভিড়ে বিমানবন্দর টিমের অনেক ইতিবাচক কাজ আড়ালে ঢাকা পড়ে যায় বলে উল্লেখ করেন ম্যাজিস্ট্রেট নওশাদ। সামান্য আন্তরিক চেষ্টায় অনেক বড় জটিলতা সমাধান করা সম্ভব জানিয়ে তিনি লেখেন, সমাধান পাওয়ার পর যাত্রীদের চোখের কৃতজ্ঞতাবোধই সব কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।



মন্তব্য করুন