এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০২২ ও ২০২৩ সালে আবেদন করা অবসর ও কল্যাণ ভাতা দ্রুত পরিশোধের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভুঁইয়া।
বৈঠক সূত্রে জানা গেছে, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রাপ্তি সংক্রান্ত অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত অর্থ পরিশোধের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পর্যায়ক্রমে প্রাপ্য অর্থ দেওয়ার কথা বলা হয়েছে।
কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ এমপি জানান, ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদনকারী প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারীর পাওনা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং কমিটির সদস্য মোছা. তাহসিনা রুশদী, মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. জাহান্দার আলী মিয়া, বীথিকা বিনতে হোসাইন, মো. মুজিবুর রহমান ও আতিকুর রহমান মোজাহিদ এমপি অংশ নেন।



মন্তব্য করুন