সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশটি পাঠান।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পরীমনিকে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস কিংবা অন্য কোনো মাধ্যমে শৈল্পিক বা শিক্ষামূলক মূল্য নেই এমন কর্মকাণ্ড ধারণ বা প্রদর্শন না করার কথাও উল্লেখ আছে নোটিশে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাঁকে গালিগালাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ সময় পরীমনির সঙ্গে আসা নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে।

ওই ঘটনায় আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর আগের দিন ওই মামলায় পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।