জয়পুরহাটের কালাই উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মোবাইল ও টাকা চুরির অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম গোলাম রতন (৪৭)। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ দিয়েছেন। চুরি যাওয়া ফোনের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে স্থানীয় সূত্রের দাবি, দর্শকদের অন্তত দুই শতাধিক মোবাইল ফোন খোয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিচালনা ও উপস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই অনুষ্ঠানের চিত্রায়ণ দেখতে সকাল থেকেই প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য, গোয়েন্দা সংস্থা এবং দেড় শ স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছিল।
কঠোর এই নিরাপত্তা বলয়ের মধ্যেও সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলাকালে উপচে পড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ পকেটমার চক্র। এ সময় একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে।
ঘটনার পরপরই ভুক্তভোগীদের অনেকে কালাই থানায় ভিড় করেন। তবে ছুটির দিন এবং অতিরিক্ত ভিড়ের কারণে শনিবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা সম্ভব হয়নি। ভুক্তভোগীরা রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানা গেছে।



মন্তব্য করুন