ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন, নিহতদের বেশির ভাগ নারী ও শিশু।
শনিবার সানার পূর্বদিকে হুথি নিয়ন্ত্রিত বানি হুশাইশ এলাকায় হামলাটি চালানো হয়। রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা বলছে, হামলায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন; উদ্ধারকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।
সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল আজিজ আল-দাইলামি জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লেগেছে।
রয়টার্স স্বাধীনভাবে হামলার তথ্য যাচাই করতে পারেনি। সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র বলেছে, ঘটনার প্রতিবেদন তারা তদন্ত করে দেখছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানপন্থি হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। গত জুলাই থেকে সেই সমঝোতা ভেঙে নতুন সংঘর্ষ শুরু হয়।
এরপর হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরব।
নতুন সংঘাতে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। সূত্র রয়টার্স।



মন্তব্য করুন