ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি এড়িয়ে যান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর উপলক্ষ্যে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্রসচিব বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামীকাল মঙ্গলবার দুই দিনের সফরে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই কথা বলা হচ্ছে, তাই ওই বিষয়ে কোনো বক্তব্য নেই।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এ বিষয়ে দিল্লির বাংলাদেশ দূতাবাস বা ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানায় রয়টার্স।
রয়টার্সের হাতে আসা ওই আবেদনপত্রটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। তাই বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত তাঁকে নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দলটির বহু নেতা-কর্মী কারাগারে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। এ ছাড়া তাঁকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির সম্পর্কে যে টানাপোড়েন চলছে, এই প্রত্যাবর্তনের উদ্যোগে দুই দেশের সম্পর্কেও নতুন সমীকরণ তৈরির আভাস দিয়েছে বার্তা সংস্থাটি।



মন্তব্য করুন