পাসপোর্ট নবায়নের মাধ্যমে নয়, ভারতের সঙ্গে থাকা বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে ভারতকে বাংলাদেশের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও হত্যাকারী কখনোই এমন আবেদন করতে পারেন না। বাংলাদেশ কোনো খুনিকে পাসপোর্টের মাধ্যমে দেশে ফেরাবে না, তাঁকে ফিরতে হলে বন্দী বিনিময় চুক্তির আওতাতেই ফিরতে হবে।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সবাইকে পলাতক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে যে প্রক্রিয়ায় হস্তান্তর (হ্যান্ডওভার) চাওয়া হয়, তাঁর ক্ষেত্রেও ঠিক সেটিই চাওয়া হচ্ছে। এ সময় কেবল অর্থের বিনিময়ে শেখ হাসিনার পক্ষে কাজ করা আইনি পরামর্শক প্রতিষ্ঠানগুলোর (ল ফার্ম) নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।



মন্তব্য করুন