তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা রুখতে গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া ও সালনাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তাঁরা। অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আনসারের কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্টরা সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমন্বিত এই নিরাপত্তা ব্যবস্থার ফলে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে এবং শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় কারখানাগুলোতে নির্বিঘ্নে উৎপাদন চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।