জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন নিয়ে কূটনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করে ঢাকায় পাঠিয়েছে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ওই ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষে কাজ করার আনুষ্ঠানিক অনুমতিপত্র বা তাঁর স্বাক্ষরিত সম্মতিপত্র ছিল না। ফলে আইনজীবী প্রতিষ্ঠানটি তাঁর পক্ষে আবেদন করার যথাযথ কর্তৃত্ব পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। চিঠির শুরুতে তিনি লিখেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে এই চিঠি লিখছি।’
চিঠিতে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তি ও বাধ্যবাধকতার আলোকে এ আবেদন করা হয়েছে। আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র জানালে আইনজীবী প্রতিষ্ঠানটি কৃতজ্ঞ থাকবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এই প্রথম সামনে এলো। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা এবং ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা তিনি আগেই রয়টার্সকে জানিয়েছিলেন। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার দিনক্ষণ জানানো হবে।
এদিকে আবেদনটিকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।’
তিনি আরও জানান, শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন। একই দিন পৃথক আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।



মন্তব্য করুন