পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনগত ভিত্তি ও অধিকার নিয়ে পর্যালোচনা শুরু করেছে সরকার। পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, আদৌ কোনো আবেদন হয়েছে কি না এবং এর আইনগত ভিত্তি কী—এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট বিধিবিধান বিবেচনায় নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবাদমাধ্যমের স্ক্রলে বিষয়টি দেখেছেন তিনি, তবে ঘটনার সত্যতা এখনো যাচাই করতে পারেননি। বিষয়টি নিয়ে পরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় বিস্তারিত জানাবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক আবেদন।
আইনজীবীদের দাবি, বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার ভিত্তিতে এ আবেদন করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।
তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে এরই মধ্যে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত ৫ নভেম্বর তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।



মন্তব্য করুন