জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয় গুরুত্ব পাবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্রিম পাটজাত পণ্যের বিষয়ও তিনি তুলে ধরবেন।

সচিব আরও বলেন, ‘বৈশ্বিক গ্রিন হাউস নিঃসরণে বাংলাদেশের অবদান কম, কিন্তু এর ঝুঁকির শিকার হচ্ছে। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিতে কথা হবে।’

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান জানান দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নত দেশগুলো বাংলাদেশকে এর আগেও অর্থায়ন ও টেকনোলজিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে। কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না।’

সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নিচ্ছেন। এ ছাড়া প্রতিনিধিদলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন।

পররাষ্ট্র সচিব জানান, সফরে কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট।