২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৫ হাজার বেড়ে ৮৩ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এ তথ্য জানান।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দ্বিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ান। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট কোটা ৮৩ হাজার ৫০০ জনে দাঁড়ায়।
এর আগে আগামী বছরের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করা হয়েছিল।
ধর্মমন্ত্রী জানান, হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনায় উঠে আসে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে বলে সৌদি মন্ত্রী আশ্বস্ত করেছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর প্রতিশ্রুতি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছিল গত ২৭ জুলাই এবং শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে; চূড়ান্ত নিবন্ধনের জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।



মন্তব্য করুন