রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুনের ঘটনায় নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেট এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টা ৯ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা আগুন লাগার কারণ কী, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

এমআরটি পুলিশের পরিদর্শক মহসিন শেখ জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্ধ্যা ৬টা ৪১ থেকে ৭টা ২১ মিনিট পর্যন্ত ফার্মগেট মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়। এ সময়ের মধ্যে এই স্টেশনে কোনো ট্রেন দাঁড়ায়নি। এরপর আবার যাত্রী পরিষেবা চালু হয়।

এছাড়া রাত ৯টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় হাতেনাতে দুজনকে আটক করে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ ও ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ জন এবং শ্যামপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়।

উত্তরার শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়, মিরপুর বাংলা কলেজ এবং মালিবাগ সিদ্ধেশ্বরী কলেজের পাশের ফ্লাইওভারের উপরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।