সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগকে রাজনৈতিক ও আইনিভাবে ভুল পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজেই পাসপোর্ট চেয়ে নিজের আইনি অবস্থানকে দুর্বল করেছেন এবং সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলছেন।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন। এর মাধ্যমে তিনি নিজেই দেশে এসে বিচার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে ইঙ্গিত দিচ্ছেন। তবে সমস্যা হলো, তিনি একজন দণ্ডিত অপরাধী এবং তাঁকে প্রত্যর্পণের জন্য ইতোমধ্যে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি আরও উল্লেখ করেন, প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে স্বাধীনভাবে দেশে ফিরতে পারেন না। তাঁকে দেশে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই, যার জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে।

পাসপোর্ট চাওয়ার এই ঘটনা আইনি কূটকৌশলে নতুন মোড় এনেছে বলে মনে করেন সাবেক এই আইন উপদেষ্টা। তিনি বলেন, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা প্রকারান্তরে সেই পথটিই সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার জোরালোভাবে বলতে পারে যে দেশের আইনি ব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব বলেই তিনি ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে ভারত তাঁকে ফেরত না দেওয়ার যে যুক্তি দিতো, তা আর গ্রহণযোগ্য থাকবে না।

এই পরিস্থিতি ভারতের সামনে তাঁকে হস্তান্তরের বিষয়টি আরও জোরালোভাবে তোলার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল। পোস্টের শেষাংশে তিনি লেখেন, শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।