নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৬টার দিকে সংঘটিত এই ঘটনায় বগিটির অন্তত চারটি আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং নির্ধারিত সময়েই ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নামার পর গার্ড ও কর্মীরা খাবার খেতে বাইরে গেলে ট্রেনটি ফাঁকা হয়ে পড়ে। এই সুযোগে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়।

আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

স্টেশন মাস্টার আরও জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ট্রেনের ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। ওই এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় নেই। আগুনে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিন কভার ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভান। আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।