আওয়ামী লীগের ব্যানারে যেকোনো সভা-সমাবেশ বা মিছিল হলে তা সন্ত্রাসবিরোধী আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তবে দলটির সাবেক বা বর্তমান কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে, তিনি কারাগারে না থাকলে কিংবা জামিনে থাকলে ব্যক্তিগতভাবে সভা-সমাবেশ করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
লন্ডন থেকে দেশে ফেরা আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের নিজ নির্বাচনি এলাকায় সভা করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলার অবস্থা, তিনি কারাগারে আছেন কি না কিংবা জামিনে আছেন কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির নামে ফৌজদারি অপরাধের মামলা না থাকলে, তিনি জেলে না থাকলে অথবা জামিনে থাকলে তাঁর ওপর অন্য ধরনের সভা-সমাবেশ করার নিষেধ নেই।
ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তা হলে অবশ্যই আইন ভঙ্গ হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় লন্ডন থেকে ওই সাবেক সংসদ সদস্যের দেশে আসা এবং তাঁর বিরুদ্ধে মামলা থাকলে বিদেশ থেকে আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা রয়েছে কি না—এমন প্রশ্নও করা হয়। জবাবে জাহেদ উর রহমান বলেন, ওই ব্যক্তির স্ট্যাটাস তাঁরা জানেন না, বিষয়টি খতিয়ে দেখতে হবে। মামলা থাকলেও কারও বিদেশ থেকে আসা-যাওয়ায় সমস্যা হয় না। আসল বিষয় হলো, তিনি পলাতক কি না, তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা আছে কি না এবং তা তিনি অনুসরণ করছেন কি না। এসব দিক বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।



মন্তব্য করুন