সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান প্রত্যর্পণ কার্যক্রম চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। জামিনে মুক্ত হলেও দেশটির কর্তৃপক্ষ তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, ইন্টারপোলের এনসিবি-আবুধাবি থেকে গত ৯ সেপ্টেম্বর এনসিবি-ঢাকায় পাঠানো এক আনুষ্ঠানিক পত্রে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউটরের আদেশে বেনজীর আহমেদ জামিন পেলেও উপযুক্ত কর্তৃপক্ষ তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে, চলতি বছরের ১২ জুন ইউএই এনসিবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পুলিশকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছিল।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, ইন্টারপোলের রেড নোটিশ বা গ্রেপ্তার হলেই প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এটি একটি জটিল বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়া। কোনো আসামির জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া নয়। সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় নথি ও অতিরিক্ত কাগজপত্র সরবরাহ করেছে এবং স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে।

এছাড়া সাবেক এই আইজিপির পাসপোর্ট জালিয়াতির মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তদন্ত চালাচ্ছে, যেখানে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। পাশাপাশি বেনজীর ও তার পরিবারের বিদেশে থাকা সম্পদের খোঁজে বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলেও মন্ত্রী জানান।