শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ।

মিছিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ত্রাস ও নাশকতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মিছিলে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ ও ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ বলে স্লোগান দেন নেতাকর্মীরা।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে একই এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কর্মসূচি পালন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈঠা ও লাঠি হাতে টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং সেতু ব্যবহারকারী যাত্রী ও পরিবহনচালকেরা ভোগান্তিতে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অবরোধকারীদের অবস্থান ও স্লোগান দিতে দেখা যায়। পরদিন একই এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।