গণহত্যার মাধ্যমে ক্ষমতা ধরে রেখে জনগণের চোখের সামনে থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট পাওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পলাতক অপরাধী কখনোই আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রীর একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনার আমলে তাদের আইনমন্ত্রী বলে গেছেন যে ফেরারি আসামিদের বক্তব্য মিডিয়ায় প্রচার করা যায় না। অথচ আজ সেই ব্যক্তি, যিনি শত শত শহীদের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেছেন, তিনি আবার দেশে ফেরার জন্য এনআইডি ও পাসপোর্ট চাইছেন। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ ও ওয়াসিমসহ প্রায় ১৪ শত শিশু-কিশোর ও তরুণ শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি। এই মানবতাবিরোধী অপরাধের বিচার অবশ্যই হতে হবে।
রিজভী আরও বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে তিনি প্রায় পঙ্গুত্ব বরণ করেন এবং নিয়ম মেনেই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী মানুষের সামনে থেকে পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশের জনগণ কোনো ‘আমি-ডামি’ বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাস করে না। সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী আইনের প্রয়োগ নিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।
বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, শিক্ষার্থীদের আজকের মেধা ও কীর্তি অসাধারণ। এই প্রতিভার ছাপ ধরে রাখা গেলে তারাই হবে বাংলাদেশের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন