দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এই শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী বছর বিভিন্ন উৎসব ও অবকাশ মিলিয়ে সর্বমোট ৭০ দিন বন্ধের সুপারিশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুত করা তালিকা পর্যালোচনায় দেখা যায়, ছুটির বড় অংশই বরাদ্দ রাখা হয়েছে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শীতকালীন অবকাশের জন্য। এর মধ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া টানা ২৪ দিন বন্ধের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের সমন্বয়ে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ১১ দিন ছুটি রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া দুর্গাপূজায় তিন দিন, ধর্মীয় ও জাতীয় বিভিন্ন দিবস উপলক্ষে নির্ধারিত একক দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনসহ অন্যান্য নিয়মিত ছুটি বলবৎ থাকছে। তবে স্বাধীনতা দিবস এবং মে দিবসের মতো কয়েকটি নির্ধারিত সাধারণ ছুটি সপ্তাহান্তে পড়ার কারণে অতিরিক্ত ছুটির সুবিধা মিলছে না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ধর্মীয় পার্বণের ছুটির দিনসমূহ যথারীতি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকবে। চূড়ান্ত অনুমোদনের পূর্বে প্রস্তাবিত ছুটির এই খসড়া তালিকায় পরিমার্জন বা সংশোধন আসতে পারে।