জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাবেক সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে হাসিব অটোরিকশায় করে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন দুর্বৃত্তরা তার অটোরিকশাটি আটকে দিয়ে অতর্কিত হামলা চালানোর চেষ্টা করে। হামলাকারীদের হাতে চাপাতি ছিল। একপর্যায়ে দৌড়ে পালিয়ে গিয়ে হাসিব প্রাণে রক্ষা পান। তবে হামলার সময় চাপাতির আঘাতে তার হাতে কেটে যায়। তিনি বর্তমানে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগ পরিচালিত একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসিবের সঙ্গে একজন নারীও ছিলেন।
জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান জানান, মৌলভীবাজারে অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তরা অটোটি থামিয়ে হাসিবের ওপর হামলা চালায়। চাপাতির কোপে তার হাতে আঘাত লেগেছে, তবে তিনি এখন নিরাপদে আছেন এবং স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।



মন্তব্য করুন