অনুকূল আবহাওয়া, সুষম পরিচর্যা এবং পলিসমৃদ্ধ মাটির সুবাদে চলতি মৌসুমে শরীয়তপুরে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ হওয়ায় এবং ফলন ভালো পাওয়ায় জেলার কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১৭ হাজার ১৩৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৭ হাজার ৫১২ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭৭ হেক্টর বেশি। মৌসুমে মোট ৫১ হাজার ৮২০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যেই ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৯২৬ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা জানান, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়লেও ধানের পরিপুষ্ট দানা ও ভালো ফলনের কারণে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। বাজারে ধানের ন্যায্যমূল্য বজায় থাকলে আর্থিক ক্ষতি কাটিয়ে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন স্থানীয় চাষিরা।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাহিদুল আলম জানান, আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের তদারকি ও সহায়তার কারণেই এ বছর আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। চালের উৎপাদনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।