সারাদেশে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনা প্রতিরোধে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একইসঙ্গে অভিযানের নামে যেন কোনো নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি এবং সকল মহানগর পুলিশ কমিশনারদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল বৈঠকে আইজিপি এই দিকনির্দেশনা দেন।

আইজিপি যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। দুষ্কৃতকারীদের পেশাদারিত্বের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে টহল, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির তাগিদ দেন বাহিনীর প্রধান। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪টি এবং চট্টগ্রামে ৩টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নওগাঁ, পটুয়াখালী, সাতক্ষীরা, বগুড়াসহ বিভিন্ন জেলায় আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।