ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশঙ্কার কথা জানান।

নাছির উদ্দীন নাছির বলেন, সাদিক কায়েম অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। ২০১৪-১৫ সালের আন্দোলনের পর বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি মোকাবিলায় ছাত্রলীগের মিছিলে তাকে দেখা গিয়েছিল। ছাত্রলীগের প্রতি তার এই পুরোনো সংশ্লিষ্টতার কারণেই তিনি বর্তমানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে নেই বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’র সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, অতীতে ছাত্রশিবির যেভাবে গোপনে রাজনীতি করে ছাত্রলীগকে সমর্থন জুগিয়েছে, বর্তমানেও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা একইভাবে ছাত্রলীগকে সমর্থন দিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত লজ্জাজনক।

সাদিক কায়েম প্রসঙ্গে তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ডাকে সাড়া দিয়ে সাদিক কায়েম পরিবারকে সময় দেওয়ার কথা নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। তার অতীত কর্মকাণ্ডের কারণে তার বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে এবং এসব বিভ্রান্তিকর বক্তব্যকে পুঁজি করে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নাছির।

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতির ধর্মঘট পালনের আহ্বানে দেশে মাত্র কয়েকজন সাড়া দিয়েছেন জানিয়ে ছাত্রদলের এই নেতা উল্লেখ করেন, তাদের মধ্যে শিবিরের কয়েকজনও রয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে সাড়া দেয়নি। বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা চললেও দেশের মানুষ ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছেন এবং ছাত্রদল শিক্ষার্থীদের পাশে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।