চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত ও পলাতক অবস্থায় শেখ হাসিনাকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, আইনে স্পষ্টভাবে বলা হয়েছে—ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট প্রদান করা যায় না। ফলে সরকারের পক্ষ থেকে পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই। দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিলে বিচারপ্রক্রিয়াকে উপহাস করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলাকালে শেখ হাসিনা বিচার এড়িয়ে চলেছেন। রায় প্রকাশের পর তিনি আপিলের আবেদনও করেননি। ভবিষ্যতে তাঁর আপিল দায়েরের কোনো আইনগত সুযোগ নেই।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতস্থ বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়ে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী এটিকে হাস্যকর বলেছেন। কারণ পাসপোর্টপ্রত্যাশী নিজে আবেদনপত্র জমা দেননি, তাঁর দল বা নেতাকর্মীরাও করেননি।

শেখ হাসিনা ভারতে আছেন—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দলিলপত্র পাওয়া যায়নি বলে জানান চিফ প্রসিকিউটর। ভারত সরকার বলেছে, তাঁর অনুরোধে মানবিক কারণে তাকে আশ্রয় প্রদান করা হয়েছে। তিনি দেশে ফিরতে চাইলে ভারত সরকারকে লিখিতভাবে অবগত করাতে হবে; কিন্তু এমন কোনো বার্তা পাওয়া যায়নি।

ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামনে আসা অডিও বক্তব্য আদৌ তাঁর কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তাঁর বাংলাদেশে ফেরার সদিচ্ছা কখনোই ছিল না, বর্তমানেও নেই। সদিচ্ছা থাকলে মামলা চলাকালে দেশে এসে বিচার মোকাবেলা করতেন এবং রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতেন।

শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটর বলেন, সত্যিই দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ করতে হবে; এটিই সঠিক পথ। তিনি আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়েছেন, নিরীহ নেতাকর্মীদের পেছনে ফেলেছেন। তাদের আরও বিপদে ফেলার মতো অপতৎপরতা চালালে দলগতভাবেও আরেকটি ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।