মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সাথে দণ্ডের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে আপিল না করায় তিনি দেশে আসামাত্রই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আইনগত এসব তথ্য ব্যাখ্যা করেন।
পাসপোর্ট আইনের ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর জানান, ‘বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩’-এর আর্টিকেল ৬ ও ৭ অনুযায়ী কোনো ব্যক্তি সর্বনিম্ন ২ বছর বা তার বেশি মেয়াদে দণ্ডপ্রাপ্ত হলে পাসপোর্ট কর্তৃপক্ষ তাঁর অনুকূলে নতুন পাসপোর্ট ইস্যু করতে পারে না। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং মানবতাবিরোধী অপরাধ একটি চরম নৈতিক স্খলনজনিত অপরাধ। ফলে তাঁর পূর্বের পাসপোর্ট যেমন বাতিল হয়েছে, তেমনি নতুন পাসপোর্ট পাওয়ার আইনি এখতিয়ারও হারিয়েছেন তিনি।
আমিনুল ইসলাম আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল আবেদন করা হয়নি। ফলে আইনি প্রক্রিয়ায় এই সাজা চূড়ান্ত রূপ নিয়েছে।
প্রসিকিউশন থেকে স্পষ্ট করা হয় যে, দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করা মাত্রই প্রচলিত আইনি প্রক্রিয়ায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপ নেওয়া হবে।



মন্তব্য করুন