ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান সৌরভ (৩০) নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা রিয়া খাতুন নামে এক নারী আহত হন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌরভ মোটরসাইকেলে রিয়া খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে হলিধানি বাজারের কাছে একটি গতিরোধকের (স্পিড ব্রেকার) সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা আহত নারী সদস্যকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন