তুরস্কের আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, এভিয়েশন খাত এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পায়। দুই নেতার এই সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জলবায়ু সম্মেলনের (কপ-৩১) লিডার্স সামিটের ঠিক আগে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠক সূত্র জানায়, মুসলিম বিশ্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে অভিহিত করেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আলোচনায় প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করা এবং যৌথ বিনিয়োগের ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকটের বিষয়ে তুরস্কের অবিচল সংহতি ও মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ওআইসি’র মঞ্চে আঙ্কারার জোরালো ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী পত্নী জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের পৃথক বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষা ও কল্যাণ নিয়ে আলোচনা হয়।

আগামী ১২ নভেম্বর লিডার্স সামিটের প্লেনারি অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।