বাউলসংগীত ছাড়া মানবতা টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের এই অবস্থান তুলে ধরেন।

ফেসবুক পোস্টে অ্যাডভোকেট ফজলুর রহমান উল্লেখ করেন, বাতাস ছাড়া যেমন মানুষের বেঁচে থাকা অসম্ভব, ঠিক তেমনি বাউলসংগীত ছাড়া মানবতাও বাঁচবে না। বাউলদর্শনের মূল সুর তুলে ধরে তিনি আরও লেখেন, ‘শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’

এর আগে গত রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে নির্দেশ দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। ওই সভায় তিনি দাবি করেন, তার এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না।

শীত মৌসুমে ওয়াজ মাহফিল ও তাফসিরের আয়োজন বাড়ার প্রসঙ্গ টেনে জি কে গউছ প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। ধর্মীয় অপব্যাখ্যা বা উত্তেজনা এড়াতে এসব আয়োজনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাই করার নির্দেশ দেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে হবিগঞ্জের এই সংসদ সদস্য সমগ্র জেলায়—বিশেষ করে তার নির্বাচনি এলাকার সোয়া চার লাখ ভোটারের অঞ্চলে ওরস বা অন্য কোনো উপলক্ষে যেন কোনো ধরনের গ্রাম্য গানের আয়োজন না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উল্লেখ্য, হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জি কে গউছ।