সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। অনুসন্ধান শুরুতেই অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে সংবাদ সম্মেলন করা এবং তা গণমাধ্যমে প্রচার করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিটটি দায়ের করেন আসিফ মাহমুদ। রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিটে বলা হয়, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর তার রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং ‘মিডিয়া ট্রায়াল’ চালাতে এই ব্রিফিং করা হয়েছে, যা সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এর পরিপন্থী।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আসিফের বিরুদ্ধে বদলি ও পদোন্নতি বাণিজ্যের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি করা হয়েছিল। যদিও পরবর্তীতে দুদকের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তা বক্তব্যটিকে ‘স্লিপ অব দ্য টাং’ বা অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন, তবুও তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। পরে ১৩ সেপ্টেম্বর দুদক আরেকটি প্রেস ব্রিফিংয়ে ডিসি পদায়ন, ওয়াসা, এলজিইডি ও অর্থপাচারসহ বিভিন্ন নতুন অভিযোগ তোলে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব ও পদোন্নতির সময়কাল এবং তার পদত্যাগের তারিখের হিসাব দেখিয়ে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয় রিটে।
রিটকারী পক্ষ অনুসন্ধানাধীন বিষয়ে মানহানিকর বক্তব্য প্রচার থেকে দুদককে বিরত রাখা এবং পূর্বে প্রচারিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা চেয়েছেন। রিটে দুদক চেয়ারম্যানসহ জনসংযোগ শাখার দুই কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।



মন্তব্য করুন