মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে সাত হাজারের বেশি সন্দেহজনক ও ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টে গ্রাহকের বয়স একশ থেকে দেড় শ বছর পর্যন্ত দেখানোর পাশাপাশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী বিকাশকে এই চিঠি দেওয়া হয়। বিএফআইইউর নির্দেশনা লঙ্ঘনের দায়ে কেন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে না, তার জবাব চাওয়া হয়েছে চিঠিতে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিহ্নিত হওয়া সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর কয়েকটিতে জন্মতারিখের মারাত্মক অসংগতি রয়েছে। বয়স একশ থেকে দেড় শ বছর হওয়ার পরও এবং অতিরিক্ত লেনদেন হওয়ার পরও অ্যাকাউন্টগুলো সচল রাখা হয়েছিল, যা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, বিএফআইইউর এই কেওয়াইসি নির্দেশনা ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সব পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, নিয়ম অমান্যের দায়ে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট আইনি বিধান ও সার্কুলার অনুযায়ী নিয়মিত জরিমানা করা হয়ে থাকে। তবে বিকাশের ক্ষেত্রে এখনো কোনো আর্থিক জরিমানা আরোপ করা হয়নি। এটি একটি প্রাথমিক পদক্ষেপ এবং বিকাশের ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের শঙ্কার বিষয়ে কর্মকর্তারা বলছেন, এমএফএস মাধ্যম ব্যবহার করে অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সির অবৈধ বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে এবং এর একটি বড় অংশ পরিচালিত হচ্ছে এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে।
এদিকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নির্বাচন কমিশনের ডেটাবেস এবং বায়োমেট্রিক ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মতো কঠোর যাচাই পদ্ধতি অনুসরণের দাবি জানিয়েছে বিকাশ। প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম গণমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের সার্ভারের তথ্যের ওপর ভিত্তি করেই ই-কেওয়াইসি সম্পন্ন হয়, ফলে এনআইডিতে কোনো ভুল থাকলে তা অ্যাকাউন্টেও প্রতিফলিত হয়।
তিনি আরও জানান, কাগজভিত্তিক কেওয়াইসির ক্ষেত্রে ফরম এন্ট্রির সময় ভুলবশত জন্মসালে ত্রুটি হয়েছিল, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। পাশাপাশি আলোচিত অ্যাকাউন্টগুলোকে বর্ধিত গ্রাহক যাচাই বা ইডিডি (EDD) প্রক্রিয়ার আওতায় এনে ঝুঁকি হ্রাসের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত বিকাশের বর্তমানে নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে আট কোটি, যার মধ্যে সক্রিয় রয়েছে চার কোটি ২০ লাখ অ্যাকাউন্ট।



মন্তব্য করুন