সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে শরীয়তপুরে বিশেষ অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কোর্ট মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিষিদ্ধ যানবাহন ও আইন লঙ্ঘনকারী মোটরসাইকেলসহ সাতটি যানবাহন জব্দ করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের কোর্ট মোড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালিত হয়। ট্রাফিক ইনচার্জ মো. নিজাম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের ওপর অবৈধভাবে ট্রাক ও পিকআপ পার্কিং করে যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে পাঁচটি ট্রাক ও পিকআপের বিরুদ্ধে মামলা করা হয়।
এ ছাড়া দুটি মোটরসাইকেলে নিষিদ্ধ সাইলেন্সার ব্যবহার এবং অতিরিক্ত বডি সংযোজনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮৪ ধারায় মামলা করা হয়। এ সময় মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। পাশাপাশি সড়কে চলাচলের অনুমতি না থাকা পাঁচটি ভটভটি আটক করে ডাম্পিং করা হয়।
ট্রাফিক ইনচার্জ মো. নিজাম হোসেন বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা নিষিদ্ধ যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে টিআই ফজলুল হক, সার্জেন্ট আরিফুল হক, এটিএসআই কাজুলি রানীসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন