নথিপত্রহীন ও অনিয়মিত পন্থায় ইউরোপে অবস্থানকারী আরও ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে ৪ জন নাগরিক রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের কড়াকড়ি ও অনিয়মিত অভিবাসনবিরোধী কঠোর নীতির অংশ হিসেবে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া নয়টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম থেকে ফেরত আসা ব্যক্তিদের জরুরি খাবার, কাউন্সেলিং এবং নিজ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় তাদের এই সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের প্রশিক্ষণ ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে অনিয়মিত প্রবেশের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশিরা শীর্ষে রয়েছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধ পথে বিদেশ যাওয়ার ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তির আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার নথিপত্রহীন বাংলাদেশি নাগরিককে ইউরোপ থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।