সারাদেশে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভাগনে ও আত্মীয়স্বজনদেরও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মাধ্যমে অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। ডিলার নিয়োগে কথিত দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো প্রক্রিয়া পুনরায় যাচাই করা হবে কি না, তা জানতে চান তিনি।

সংসদে হাসনাত বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা দেখা গেছে। তাঁর অভিযোগ, ১৫টি ইউনিয়নের ক্ষেত্রে ৩০টি পর্যন্ত এমন ঘটনার নজির রয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের কেউ কেউ অর্থের বিনিময়ে নিয়োগের সুপারিশ করেছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় অতীতের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিলেন। অথচ বর্তমানে বিএনপি সরকার একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এ ব্যবস্থার পক্ষে কোনো নিয়ম বা বিধিমালা নেই।

হাসনাত আরও অভিযোগ করেন, নতুন ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও ভাগনেরা সুযোগ পেয়েছেন। আগের আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করা ব্যক্তিরাও যেন পুনরায় ডিলারশিপ পাওয়ার সুযোগ পান, সে অনুযায়ী মন্ত্রণালয় নিয়ম তৈরি করেছিল কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে সরকারি সুযোগ ব্যবহারের প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, একজন সংসদ সদস্য নিজে জনপ্রতিনিধি হওয়ার পর তাঁর ছেলে, স্ত্রী ও ভাগনের ব্যবসায়িক সুবিধা পাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা কবে বন্ধ হবে—মন্ত্রীকে এ বিষয়ে স্পষ্ট জবাব দিতে হবে।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কর্তৃপক্ষকে শতভাগ নিয়ম মেনে প্রার্থী বাছাইয়ের নির্দেশনাও দেওয়া হয়।

নিয়োগপ্রক্রিয়ার ব্যাখ্যায় তিনি বলেন, আবেদন প্রথমে জেলা প্রশাসকের কাছে জমা পড়ে। পরে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে।

এরপর উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি সেগুলো পুনরায় পর্যালোচনা করে।

কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জেলা পর্যায়ের ছয় থেকে সাত সদস্যের কমিটি যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিনজনের নাম সুপারিশ করে। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তিনি বলেন, মন্ত্রণালয় তালিকার প্রথম স্থানে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে কোনো একজনের একক স্বাক্ষরে সুপারিশ আসেনি; বরং সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সম্মতিতে প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে সংসদে হাসনাত আবদুল্লাহর তোলা স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে কৃষিমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।