বাবা বীরেন্দর শেবাগের মতোই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিলেন আর্যবীর শেবাগ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে বড় জয় এনে দিয়েছেন তিনি। তাঁর অসাধারণ ব্যাটিংয়ে ৭০ রানের জয় তুলে নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে ভারত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসের পর ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রান সংগ্রহ করে ভারত।
দলের ইনিংসের মূল কারিগর ছিলেন ১৯ বছর বয়সী আর্যবীর। শুরুতে ধীরস্থির ব্যাটিংয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন তিনি। ৬৯ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠেন এই তরুণ ব্যাটার। ১৩১ বলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
সেঞ্চুরির পর আরও বিধ্বংসী ব্যাটিং উপহার দেন আর্যবীর। পরবর্তী ৬০ রান তুলতে তাঁর প্রয়োজন হয় মাত্র ৩৭ বল। সব মিলিয়ে ১৬৮ বলের ইনিংসে ১৭টি চার ও ৭টি ছক্কায় সাজান ১৬০ রানের দুর্দান্ত সংগ্রহ। ইনিংসের ৪৫তম ওভারে নাসিম খানের বলে আউট হন তিনি।
ভারতের বড় সংগ্রহ গড়ার পথে দ্বিতীয় উইকেটে ভিকে ভিনীতের সঙ্গে ১৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আর্যবীর। ভিনীতও ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখেন। ৬৯ বলে তাঁর ব্যাট থেকে আসে ৬৭ রান।
জবাবে ৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রানের বেশি করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদা। তবে ভারতের বোলিং আক্রমণের সামনে লক্ষ্য অতিক্রম করতে ব্যর্থ হয় তারা।
ফলে ৭০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। আর্যবীর শেবাগের ব্যাটিং নৈপুণ্যেই বড় সংগ্রহ গড়ার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে জায়গা নিশ্চিত করে দলটি।



মন্তব্য করুন