এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার উত্তরপত্রে পড়াশোনার বিষয়বস্তুর বাইরে ব্যক্তিগত ইচ্ছার কথা লিখে আলোচনায় এসেছেন ফরিদপুরের মধুখালীর এক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ইসলামী ইতিহাস পরীক্ষার খাতায় সরকারের কাছে যুবকদের জন্য বিয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি। একই খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দও লিখেছেন বলে জানা গেছে।

ওই শিক্ষার্থীর নাম ফয়সাল আলী। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বেসদি গ্রামের কুবাদ আলীর ছেলে। ঐতিহ্যবাহী সরকারি আইনউদ্দিন কলেজের এইচএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সময় এমন লেখা লিখেছেন তিনি।

পরীক্ষার খাতায় ফয়সাল লেখেন, ‘মানুষ কি চায় তা আমি জানিনা, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চাই, এই শীতে বউ ছাড়া থাকাটা কত কষ্টকর তা আমার বন্ধু অভি আর ছামির থেকে ভালো কে জানে ?’

এর পরের অংশে সরকারের উদ্দেশে তিনি লেখেন, ‘আমি সরকারকে বলতে চাই তাদেরকে একটা করে হলেও বউ দেওয়া উচিত, না হলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’

এ ছাড়া উত্তরপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছন্দ লেখার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে কলেজ কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের এমন আচরণ শেখানো হয় না। এ ঘটনায় ফয়সালের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে শিক্ষার্থীর বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার শিক্ষার্থীদের শিষ্টাচার ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।