মাটির গভীরে নির্মিত বিশাল ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে এর জবাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ভূগর্ভস্থ ওই ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করে। এতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণব্যবস্থাও দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত ভিডিওতে স্থাপনাটির বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। ভিডিও ধারণের সময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম রুদাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভিডিও প্রকাশের সময় আলী আবদোল্লাহি বলেন, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা দিয়ে প্রতিপক্ষকে বিস্মিত করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আবার কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে এর পাল্টা জবাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না।
এমন সময়ে ইরান ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভিডিও প্রকাশ করল, যখন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
ভিডিওতে যেসব ক্ষেপণাস্ত্রের উপস্থিতি শনাক্ত
ইরানের প্রকাশিত ভিডিও ও ছবি বিশ্লেষণ করে কয়েকজন পর্যবেক্ষক ও সামরিক বিশ্লেষক স্থাপনাটিতে মাঝারি পাল্লার ফাত্তাহ-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন। এসব ক্ষেপণাস্ত্রের সঙ্গে বুস্টার ও ওয়ারহেডও দেখা গেছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের পুনঃপ্রবেশযোগ্য অংশ বা ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের উপস্থিতিও শনাক্ত করেছেন তাঁরা।
সামরিক বিশ্লেষক তাল ইনবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়েছেন, ভিডিওতে এমন একটি অংশ দেখা গেছে, যা ইরানের খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির সঙ্গেও সম্পর্কিত হতে পারে। স্থাপনাটিতে আধুনিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পুরোনো মডেলের ক্ষেপণাস্ত্রও দেখা গেছে।
এর আগে গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ২০ দিনের যুদ্ধের পর ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা আর অবশিষ্ট নেই।
তবে ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণব্যবস্থা সুরক্ষিত রাখতে দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে ইরান। এসব স্থাপনা ‘মিসাইল সিটি’ নামে পরিচিত। যুদ্ধের সময় শত্রুপক্ষের হামলা থেকে ক্ষেপণাস্ত্রের মজুত রক্ষা এবং হামলার মধ্যেও সামরিক কার্যক্রম চালু রাখার সক্ষমতা বজায় রাখাই এসব স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য।
তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট, রুদাও ও তাসনিম নিউজ এজেন্সি।



মন্তব্য করুন